মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি বেড়ে যাওয়ায় এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে।
সোমবার সকালে লেনদেন শুরু হওয়ার পরপরই জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ তীব্র পতনের মুখে পড়ে। সূচকটি ৬ শতাংশের বেশি কমে প্রায় ৫২ হাজার ১৬৬ পয়েন্টে নেমে আসে।
একই সময়ে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক কোসপিতেও বড় ধরনের পতন লক্ষ্য করা যায়। সূচকটি প্রায় ৬ দশমিক ৩ শতাংশ কমে যায়।
অন্যদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। দুই দেশের বাজারে সূচক ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি শেয়ারবাজারে পড়ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজার খোলার আগেই প্রধান সূচকগুলোর ফিউচারেও পতনের আভাস মিলেছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচার প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে সম্ভাব্য বড় পতনের ইঙ্গিত দিচ্ছে।