রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ মার্চ বিকেল ৫টা। রোববার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমডি পদে আবেদনকারীর কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা সিইও-এর ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছরের দায়িত্ব পালন করতে হবে। এছাড়া আবেদনকারীর ইসলামী ব্যাংকিং, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর বা ব্যাংক একীভূতকরণে অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। আবেদনকারীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং ঋণ খেলাপি হলে আবেদনযোগ্য হবেন না।
নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের সব ধরনের কার্যক্রম তদারকি করবেন, সঙ্গে শরিয়াহভিত্তিক পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং একীভূতকরণের পর সাংগঠনিক সমন্বয় নিশ্চিত করা তার দায়িত্ব।
আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে, এরপর সাক্ষাৎকার নেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীর পটভূমি যাচাই শেষে বাংলাদেশ ব্যাংকের ‘ফিট অ্যান্ড প্রপার’ অনুমোদন নেবেন। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ নবায়নের সুযোগ থাকবে।
আবেদনকারীরা সিভি, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে। একই সঙ্গে আবেদনপত্রের একটি পিডিএফ কপি ইমেইলেও জমা দিতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত এমডি নাবিল মুস্তাফিজুর রহমানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। নতুন করে এমডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। একীভূত ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।