মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবানন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত এ হামলায় অধিকৃত অঞ্চলে অবস্থিত ইসরাইলের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে, যার ফলে আঞ্চলিক সংঘাত নতুন মাত্রা পাচ্ছে।
এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের এই হামলার কারণে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় আন্তর্জাতিক মহল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিচ্ছে। তবে চলমান হামলা-পাল্টা হামলায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।