আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন সাইমুম রেজা তালুকদার। সোমবার (৯ মার্চ) তিনি চিফ প্রসিকিউটরের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
প্রসিকিউশন সূত্র জানায়, তার আবেদনটি চিফ প্রসিকিউটর অনুমোদন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
সাইমুম রেজা তালুকদার জানান, কয়েকদিন আগেই তিনি দায়িত্ব ছাড়ার জন্য আবেদন করেছিলেন এবং সেই অনুযায়ী রোববার ছিল তার শেষ কর্মদিবস। তিনি বলেন, মূলত আগের পেশায় ফিরে যাওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এর পেছনে অন্য কোনো কারণ নেই।
জানা গেছে, ২০২৪ সালের ৮ অক্টোবর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ওই সময় জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার পতনের পর ট্রাইব্যুনাল নতুনভাবে গঠন করা হয়। দায়িত্ব পালনকালে রামপুরা, লক্ষ্মীপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় তিনি প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।
প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার আগে সাইমুম রেজা তালুকদার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা দিয়ে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২৪ সালের ৭ অক্টোবর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে আরও দুইজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। তারা হলেন মর্জিনা রায়হান মদিনা ও মোহাম্মদ জহিরুল আমিন।