আওয়ামী লীগ সরকারের সময়কার মতো আবারও ‘মব সংস্কৃতি’ গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। তিনি বলেছেন, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে এ ধরনের প্রবণতা উদ্বেগজনক সংকেত দিচ্ছে।
সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে মেঘমল্লার বসু অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কাউকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া, ব্যক্তিগত মোবাইল ফোন তল্লাশি করা এবং আগের সরকারের সময়কার সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়ার মতো ঘটনা ঘটছে। তার ভাষায়, এসব প্রবণতা ভবিষ্যতের জন্য অশনি সংকেত হতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আগের সরকারের সময়কার পরিস্থিতির মৌলিক পার্থক্য কোথায়।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সমালোচনা করা স্বাভাবিক হলেও ব্যক্তিগত বিষয় যেমন বয়স বা চাকরি না থাকা নিয়ে বিদ্রূপ করা সমীচীন নয়। এ ধরনের আচরণকে তিনি ‘আইরনিক’ বলে মন্তব্য করেন। মেঘমল্লার বসু বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সূত্রপাত ৭ মার্চের একটি বক্তব্যকে ঘিরে হয়েছে বলেও মনে রাখতে হবে। একই সঙ্গে তিনি সমাজে ভিজিল্যান্টি ধরনের আচরণের অবসান ঘটানোর আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিও জানান।