আরব দেশগুলোর ওপর হামলা অব্যাহত থাকলে ইরানকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে রিয়াদ সরকার এই বার্তা দেয়।
সৌদি আরবের এই সতর্কবার্তার পেছনে রয়েছে দেশটির বিশাল শায়বা তেলক্ষেত্রে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা। ওই হামলার পর তেহরানের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন যে উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা বন্ধ করা হয়েছে। তবে বাস্তবে সেই ঘোষণার কোনো প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেছে রিয়াদ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্টের বক্তব্যের সময় কিংবা তার পরেও হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। বরং নানা অজুহাতে ইরান আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে বলে অভিযোগ সৌদি আরবের।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।