ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (১০ মার্চ) অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৯ মার্চ) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানান। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এ ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, এ সময় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।