অনেকেই একবারে বেশি করে মুরগির মাংস রান্না করে পরে খাওয়ার জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। তবে রান্না করা মুরগি ফ্রিজে কতদিন পর্যন্ত নিরাপদ থাকে-এ বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে সংরক্ষণ করা হলেও রান্না করা মুরগির মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখা নিরাপদ নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) খাদ্য নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, রান্না করা মুরগি সাধারণ ফ্রিজে সাধারণত তিন থেকে চার দিন পর্যন্ত নিরাপদে সংরক্ষণ করা যায়, যদি ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকে। এর বেশি সময় রাখলে খাবারে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে এবং তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর হয়ে যায়, তবে পুরোপুরি বন্ধ হয় না। হাঁস-মুরগির মাংসে সালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টর এবং ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেনস ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, যা খাদ্যজনিত অসুস্থতার অন্যতম কারণ হিসেবে পরিচিত।
খাদ্য নিরাপত্তা বজায় রাখতে রান্না করা মুরগি রান্নার দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে সংরক্ষণ করা উচিত। তবে পরিবেশের তাপমাত্রা বেশি হলে এক ঘণ্টার মধ্যেই তা ফ্রিজে রাখা ভালো। সংরক্ষণের সময় বায়ুরোধী পাত্র ব্যবহার করা এবং খাবার ছোট ছোট পাত্রে ভাগ করে রাখা নিরাপদ বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়া মুরগির মাংস থেকে টক গন্ধ বের হওয়া, আঠালো অনুভূতি হওয়া বা রঙ ধূসর বা সবুজ হয়ে যাওয়া-এসব নষ্ট হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় ওই খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে রান্না করা মুরগি আরও দীর্ঘ সময় ভালো থাকতে পারে। USDA-এর তথ্য অনুযায়ী, হিমায়িত অবস্থায় রান্না করা মুরগি দুই থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব।
বিশেষজ্ঞরা আরও বলেন, ফ্রিজে রাখা মুরগি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে গরম করতে হবে। খাবারের ভেতরের তাপমাত্রা অন্তত ৭৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো নিশ্চিত করা প্রয়োজন, যাতে সম্ভাব্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়।