ট্রাম্প: যুক্তরাষ্ট্র ইরানে অনেকভাবে জয়ী হয়েছে, তবে যুদ্ধ শেষ হয়নি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক অভিযান “অনেকভাবে সফল” হলেও এটি এখনও যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ইরান-সংক্রান্ত যুদ্ধের সমাপ্তি হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সোমবার ফ্লোরিডার ডোরালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প “অপারেশন এপিক ফিউরি” সংক্রান্ত বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে তিনি সামরিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করেন।
ট্রাম্প বলেন, আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে আমরা শত্রুকে চূর্ণ করেছি-প্রযুক্তিগত দক্ষতা ও সামরিক শক্তির এক অভাবনীয় প্রদর্শনের মাধ্যমে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অভিযান শিগগিরই শেষ হবে, তবে এই সপ্তাহের মধ্যে নয়। ট্রাম্প বলেন, ইরানের যা কিছু ছিল, তা প্রায় শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ। যাকে তারা স্থলাভিষিক্ত হিসেবে দেখাচ্ছে, তার নামও অনেকেই শোনেনি।
তিনি আরও বলেন, আমরা অনেকভাবে ইতোমধ্যেই জয়ী হয়েছি, কিন্তু যথেষ্ট নয়। আমরা চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি, যা দীর্ঘস্থায়ী হুমকির চিরসমাপ্তি ঘটাবে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সর্বোচ্চ সামরিক নেতা কাসেম সোলাইমানি হত্যার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সে বেঁচে থাকলে তারা আরও সক্ষম হতো, কারণ তারা নিষ্ঠুর ও হিংস্র ছিল। কিন্তু আমরা তাকে প্রথমেই সরিয়ে দিয়েছিলাম।
লিডারশিপ পরিবর্তনের বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করলেও আভাস দেন, ভবিষ্যতে যিনি ক্ষমতায় আসবেন, তাকে লক্ষ্যবস্তু হিসেবে রাখা হতে পারে।