ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। অধিবেশনের প্রথম দিনেই মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।
তিনি জানান, ওই কমিটি পর্যালোচনা করে নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল বা ল্যাপস হয়ে যাবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সংসদে এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য অস্থায়ীভাবে সভাপতিত্ব করবেন। এরপর সংসদ নেতার প্রস্তাবের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কাদের মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী অধিবেশনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।