সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন দাবি বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সরকারি সূত্র জানিয়েছে, তিনি সুস্থ আছেন এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন।
গত কয়েকদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে দাবি করা হয়, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বা বিমান হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। ভাইরাল হওয়া কিছু ভিডিওতে বিস্ফোরণের দৃশ্য দেখিয়ে বলা হয়, ওই হামলায় নেতানিয়াহুর পাশাপাশি তার ভাই ইদ্দো নেতানিয়াহু এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভিরও প্রাণহানি ঘটেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে উল্লেখ করেছে। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব তথ্য মূলত বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।
এদিকে এই গুজবের উৎস হিসেবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এবং তার কার্যালয় থেকেও নতুন কোনো ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথিত ফোনালাপের কোনো দৃশ্যমান প্রমাণ না থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়।
ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়, তাদের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আঘাত হেনেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। বিভ্রান্তি দূর করতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি নেতানিয়াহু বেইত শেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন এবং সেখানে স্থানীয়দের উদ্দেশে বক্তব্যও দিয়েছেন।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শীর্ষ নেতৃত্ব নিরাপদে রয়েছে এবং চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বজায় রাখা হয়েছে।