পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস, উত্তর) মো. রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায় করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।
বুধবার গাজীপুরের চন্দ্রা এলাকায় ঈদকে সামনে রেখে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন মালিকদের উদ্দেশে তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ যদি মনে করেন বর্তমান ভাড়া যথেষ্ট নয়, তবে আগামী বছর সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তা সমন্বয়ের দাবি জানাতে পারেন। তবে এখন নির্ধারিত ভাড়ার বাইরে কিছু নেওয়া হলে অভিযোগ প্রমাণিত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না এবং দক্ষ চালক ছাড়া কোনো গাড়ি চালানোর অনুমতি নেই। একই সঙ্গে মহাসড়কে যানবাহন পার্কিং করা যাবে না এবং সড়ক বা ফুটপাত দখল করে দোকান বসানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। এ সময় বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যান। কয়েক দিনের মধ্যে বিপুল সংখ্যক মানুষ একই সড়ক ব্যবহার করায় স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়। তাই বিদ্যমান সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
সভায় গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঈদের সময় প্রায় দেড় কোটি মানুষ রাজধানী থেকে নিজ নিজ এলাকায় ফেরেন। বিশেষ করে উত্তরবঙ্গের ২১টি জেলার মানুষ ঢাকা ও গাজীপুর হয়ে চন্দ্রা দিয়ে বাড়ি ফেরেন। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণে আধুনিক ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি দ্রুত সাড়া দিতে কুইক রেসপন্স টিম, মোটরসাইকেল টিম এবং জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন এবং বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।