আসন্ন Eid al-Fitr উপলক্ষে টানা ছুটির সময়েও দেশের আমদানি–রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে National Board of Revenue (এনবিআর)। এ লক্ষ্যে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও ঈদের ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন কাস্টম হাউসে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঈদের দিন সব ধরনের শুল্ক স্টেশন বন্ধ থাকবে।
সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, দীর্ঘ ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বন্দরে পণ্যজট সৃষ্টি না হয়-সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস স্টেশনগুলোতে সীমিত জনবল দিয়ে কার্যক্রম চালু রাখা হবে। এ জন্য ঢাকা, চট্টগ্রাম, মোংলা, পানগাঁও, বেনাপোল, আইসিডি ও কমলাপুর কাস্টম হাউসের কমিশনারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
একই সঙ্গে ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা অঞ্চলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোকেও নির্দেশনা পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দীর্ঘ ছুটির সময় বন্দরে পণ্য খালাসের গতি কমে যায়, ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। এনবিআরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ছুটির মধ্যেও কাঁচামাল আমদানি ও তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি কার্যক্রম সচল রাখা সহজ হবে।
এ ক্ষেত্রে সীমিত সংখ্যক কর্মকর্তা দায়িত্ব পালন করে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং প্রয়োজনীয় পণ্য ছাড়ের কার্যক্রম চালু রাখবেন বলে জানানো হয়েছে।