প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ ও ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশের সর্বত্র প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্নতা অভিযান চালু করা হবে। তিনি এ কথা জানিয়েছেন বুধবার (১১ মার্চ) এক বিশেষ ভিডিও বার্তায়।
প্রধানমন্ত্রী বলেন, এডিস মশার কামড়ের ফলে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা আগেভাগেই গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, বর্ষাকালে-বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত-ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি কোনো নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নয়।
ভিডিও বার্তায় তিনি জনগণকে সতর্ক করেছেন, জমে থাকা পরিষ্কার পানিতে মাত্র তিন দিনেই এডিস মশা জন্মাতে পারে। তাই বাড়ির ভেতরে এবং ছাদ, ফুলের টব, ড্রাম, বালতি, ডোবা ও ড্রেনের মতো জায়গা পরিষ্কার রাখা অপরিহার্য। পানির ট্যাংক অবশ্যই ঢেকে রাখতে হবে। তিনি বলছেন, সচেতনতা ও পরিচ্ছন্নতা ছাড়াই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, চলতি মাসের ১৪ তারিখ থেকে প্রতি সপ্তাহে একবার দেশের প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। তিনি স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদেরও আহ্বান জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন।