অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাশিয়া থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশও বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় চাইছে। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগরে পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।অর্থমন্ত্রী বলেন, “রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতকে অস্থায়ী ছাড় দিয়েছে। বাংলাদেশও এ ধরনের সুযোগ পেলে দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে। বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে, তারা এটি ওয়াশিংটনে পাঠাবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের ছাড় পাওয়া গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেয়, তা দেখার অপেক্ষা করতে হবে।”
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। এছাড়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনার অংশ ছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো বাণিজ্য চুক্তি বিষয়ে এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি দুই দেশের বিষয়, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।”
অন্তিমে মন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘস্থায়ী যা-ই হোক না কেন, সব ধরনের পরিস্থিতি মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে।