ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার শেষ হয়। পরবর্তীতে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দেশে জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। এদিকে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসা বোর্ডের সদস্যরা তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক।
উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।