দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিরা বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন-বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)-এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতাও পাবেন। সরকার পরিবর্তনের পর এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।
নতুন নিয়োগ পাওয়া প্রশাসকদের বেশ কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। এর মধ্যে বরিশাল সিটির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। রাজশাহীর প্রশাসক মাহফুজুর রহমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। ময়মনসিংহ সিটির প্রশাসক রুকুনোজ্জামান রোকন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। রংপুর সিটির প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।