খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় চরিত্র ‘ছোটকাকু’কে ঘিরে নির্মিত ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’ প্রচারিত হবে ঈদুল ফিতর উপলক্ষে। ঈদের দিন থেকে অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে সম্প্রচারিত হবে নাটকটি।
নাটকের কাহিনিতে দেখা যাবে, গাজীপুরের নুহাশপল্লির পাশে অবস্থিত আধুনিক রিসোর্ট ‘দখিন-দুয়ার’-এ অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। রিসোর্টটির পরিবেশ তাদের এতটাই ভালো লাগে যে কয়েকদিন সেখানে থাকার সিদ্ধান্ত নেন তারা।
তবে শান্ত পরিবেশের সেই অবকাশযাপন বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে অবস্থানের প্রথম রাতেই ঘটে যায় রহস্যময় ও ভীতিকর কিছু ঘটনা, যা গল্পে নতুন মোড় তৈরি করে। ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, স্বরূপা বীথি, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন ও জ্যাকসহ আরও অনেকে। নাটকে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।
নাটকে অভিনয় প্রসঙ্গে তুষার খান বলেন, ঈদে ছোটকাকু সিরিজের নাটক নিয়ে দর্শকের আগ্রহ সবসময়ই বেশি থাকে। এবারও সেই সিরিজে কাজ করেছি। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।