নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ তাঁর নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার গৌতম সরকারের বসত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার অরুণ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে গৌতম সরকারের স্ত্রী ও সন্তান তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করছিলেন। আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় গৌতম সরকারের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”