ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র দাবি করেছেন, ইরানের প্রতিরক্ষা প্রস্তুতির মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি এ দাবি করেন।
বিবৃতিতে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রস্তুতির কারণে ওই মার্কিন রণতরী কার্যকরভাবে কোনো অভিযান চালাতে পারেনি এবং শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
শেকারচির ভাষায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। তার মতে, এটি এমন একটি ঘটনা যা ভবিষ্যতে ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হিসেবে উল্লেখ করা হতে পারে। ইরানি এই মুখপাত্র আরও বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ওই রণতরীকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের ওপর সামরিক প্রভাব বিস্তারের প্রতীক হিসেবে ব্যবহার করেছে। তবে সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতাও সামনে এনেছে বলে দাবি করেন তিনি।
এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে বাইরের শক্তির ওপর নির্ভর না করে নিজেদের সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেওয়া প্রয়োজন। তবে ইরানের এই দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করার মতো নিরপেক্ষ তথ্যও এখন পর্যন্ত প্রকাশ হয়নি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এবং সামরিক অবস্থান নিয়ে এমন দাবি–পাল্টা দাবির ঘটনা নতুন নয়।