প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গত শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে করা সিটি স্ক্যানের রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস থাকবেন। এর আগে বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং অচেতন হয়ে যান। পরে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক সিটি স্ক্যানের রিপোর্টে জটিলতা ধরা পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী দুই ধাপে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।এদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন।
এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।