‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের জন্য পরিকল্পিত ‘কৃষক কার্ড’ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা।
জানা গেছে, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের কৃষকদের তথ্যভিত্তিক সেবা ও বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও সহজ করা হবে বলে আশা করা হচ্ছে।