চলতি মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ২২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে প্রায় ১৫ কোটি ৭৫ লাখ ডলার করে দেশে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের মার্চ মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছিল ১৬২ কোটি ৫০ লাখ ডলার, যা থেকে চলতি বছর প্রবাহ অনেক বেশি।
এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ২২ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে প্রবাসী আয়ের প্রবাহে গতি এসেছে।
তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা ভবিষ্যতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। আর জানুয়ারি মাসে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত।