চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসর বসছে আজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এই আয়োজন। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ঘোষণা করা হবে বছরের সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য বিভাগে বিজয়ীদের নাম।
বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে। এবার বিভিন্ন বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি আলোচিত সিনেমা ও তারকা অভিনয়।
সেরা ছবির দৌড়ে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবারের অস্কারে সেরা ছবির বিভাগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা ও ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতে অস্কার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছে।
অন্যদিকে সামাজিক বৈষম্য ও ভ্যাম্পায়ার মিথের মিশেলে নির্মিত ‘সিনার্স’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে সমান প্রশংসা পেয়েছে। ছবিটি রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে এবারের আসরে বড় চমক দেখিয়েছে।
সেরা অভিনেতা বিভাগে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সেরা অভিনেতার বিভাগে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একজন পিং-পং খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন টিমোথি শ্যালামে। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডিক্যাপ্রিও, যিনি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এ সাবেক বিপ্লবী বব ফার্গুসনের চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।
এ ছাড়া ‘সিনার্স’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মাইকেল বি জর্ডান, যিনি এই বিভাগে চমক দেখাতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সেরা অভিনেত্রী বিভাগে এগিয়ে জেসি বাকলি সেরা অভিনেত্রীর বিভাগে জেসি বাকলি অনেকটাই এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ইতোমধ্যে গোল্ডেন গ্লোব, বাফটা ও ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন। ফলে এবারের অস্কারেও তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন সমালোচকেরা।
অ্যানিমেশন ও গানের বিভাগে আলোচনায় ‘কে-পপ ডেমন হান্টার্স’
নেটফ্লিক্সের অ্যানিমেটেড ছবি ‘কে-পপ ডেমন হান্টার্স’ এবার দুটি বিভাগে জয়ের সম্ভাবনা তৈরি করেছে। ছবিটি সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা মৌলিক গানের বিভাগে আলোচনায় রয়েছে।
কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবারের অস্কারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ এবং আয়োজক কর্তৃপক্ষ ডলবি থিয়েটার ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
মঞ্চে থাকছেন হলিউড-বলিউড তারকারা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে মঞ্চে উপস্থিত থাকবেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালের পর আবারও অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।এ ছাড়া পুরস্কার প্রদান করবেন রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে এবং গত বছরের বিজয়ীরা।
সেরা পরিচালকের দৌড়ে অ্যান্ডারসন-কুগলার লড়াই সেরা পরিচালকের বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা তীব্র। চলচ্চিত্র নির্মাতা পল থমাস অ্যান্ডারসন এ পর্যন্ত বহুবার অস্কারে মনোনয়ন পেলেও ট্রফি জিততে পারেননি। বিশ্লেষকদের মতে, এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তৈরি হয়েছে তার সামনে। তবে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছেন ‘সিনার্স’ নির্মাতা রায়ান কুগলার। শেষ পর্যন্ত কার হাতে উঠবে অস্কারের স্বর্ণমূর্তি—তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।