ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের ই-ভ্যাট রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা জনস্বার্থ বিবেচনায় বাড়ানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা সরকারি ছুটি থাকায় অনেক করদাতার পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা কঠিন হয়ে পড়ছিল।এছাড়া ই-ভ্যাট সিস্টেমে সেবা গ্রহণের ক্ষেত্রে কিছুটা ধীরগতিও দেখা দেওয়ায় করদাতাদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করেছে।এনবিআর আশা করছে, সময় বাড়ানোর ফলে করদাতারা সহজে অনলাইন পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন এবং কর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।