গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, একসময় গণভোটের পক্ষে প্রচার চালালেও এখন সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সেই বিষয়টিকে উপেক্ষা করার চেষ্টা করছে।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানই বর্তমান সংস্কার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার এবং সাম্প্রতিক নির্বাচনের মূল ভিত্তি ও বৈধতার উৎস। তার মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে কেবল সংবিধানের ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ করে দেখা ঠিক হবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই কমিশনের কার্যক্রমকে অসাংবিধানিক বলা যৌক্তিক নয়। জনগণ যখন সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তখন সংসদের পক্ষ থেকে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোট নতুন কোনো বিষয় নয়। অতীতেও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে এ ধরনের বিষয় নিষ্পত্তি হয়েছে। তার দাবি, বিএনপির অনেক সংসদ সদস্য এবং দলীয় নেতৃত্বও একসময় গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বর্তমানে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সেই অবস্থান থেকে সরে আসা হয়েছে।
ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর তিন দলীয় জোটের প্রস্তাবিত রূপরেখা ভঙ্গ করার কারণে তৎকালীন সরকারকে রাজনৈতিক মূল্য দিতে হয়েছিল। ইতিহাস থেকে শিক্ষা না নিলে দেশে আবারও স্বৈরতান্ত্রিক প্রবণতা ফিরে আসার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সংসদের অধিবেশন শেষে এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট দেশের রাষ্ট্রীয় পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ছিল। সে সময় সার্বভৌমত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়ে পড়ে।
গণভোট নিয়ে বর্তমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতি যে গণভোটের আদেশ দিয়েছেন, সেটিকে এখন অসাংবিধানিক বলা হচ্ছে। অথচ একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বৈধতা স্বীকার করা হচ্ছে। তার মতে, এটি একটি দ্বৈত অবস্থান। তিনি বলেন, আংশিকভাবে কোনো বিষয় মেনে নেওয়া আর আংশিকভাবে অস্বীকার করা স্পষ্ট রাজনৈতিক অবস্থান নয়। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা শেষে এনসিপি তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে।