বিশ্বের বিভিন্ন শহরের মতোই বায়ুদূষণের সমস্যায় ভুগছে ঢাকা। কিছুদিন স্বস্তির পর আবারও রাজধানীর বায়ুমান খারাপের দিকে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর সূচকে ১৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একই সময় প্রকাশিত তালিকায় ১৬৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার শহর ইনচিওন। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী সিউল, যার স্কোর ১৫৬। তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো (১৫৫) এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৪২। বায়ুমানের মান নির্ধারণে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ব্যবহার করা হয়। এই সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে ধরা হয়, আর ৫১ থেকে ১০০ পর্যন্ত মান মাঝারি পর্যায়ের বায়ু নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরের ক্ষেত্রে বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর ৩০১ থেকে ৪০০ স্কোরের বায়ু মানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ কমাতে নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং সবুজায়ন বাড়ানোর মতো কার্যকর উদ্যোগ জোরদার করা জরুরি।