কুমিল্লা চৌদ্দগ্রামে উদ্ধার ও ধ্বংস হলো অবিস্ফোরিত মর্টার শেল
কুমিল্লা, রোববার – চৌদ্দগ্রামের কৃষিজমিতে মাটি কাটার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দলের সহযোগিতায় এটি নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নি.) মোদাচ্ছের কায়সারের নেতৃত্বে বিশেষজ্ঞ দল চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগিতায় মর্টার শেলটি উদ্ধার করে। পরে ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় খোলা জমিতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।
বিশেষজ্ঞরা জানান, মর্টার শেলটি বহু পুরোনো হলেও এখনও সক্রিয় অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল। চৌদ্দগ্রাম থানার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) রাতের দিকে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর এলাকায় আবদুল লতিফ নামের একজন ব্যক্তি মাটি কাটার সময় বোমা সদৃশ বস্তুটি দেখতে পান এবং তা থানাকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেল শনাক্ত করে এবং নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রাখে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কায়সার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ মর্টার শেল শনাক্ত করে এবং ঢাকার বোম ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় এটি সফলভাবে ধ্বংস করা হয়েছে।