জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত আবারো দর্শক হৃদয়ে সুরের মূর্ছনা আর গল্পের আবহে ফিরছেন। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন রোমান্টিক-ড্রামা ঘরানার বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’, যা ঈদের রাতকে আরও রঙিন করে তুলবে।
নাটকটি আবর্তিত হয়েছে রানা ও নীলা নামের দুই তরুণ-তরুণীর চারপাশে। একই গ্রামে বড় হওয়া এই বন্ধু দুজনের ছোটবেলার মিষ্টি ঝগড়া ও বন্ধুত্ব নাটকটির মূল গল্পকে গঠন করেছে। পড়াশোনার জন্য নীলা বিদেশে থাকলেও, দীর্ঘ সময় পর গ্রামে ফিরে আসার পর আবারও তার দেখা হয় রানার সঙ্গে, এবং এরপর নানা নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে গল্প এগিয়ে চলে।
রানা ও নীলা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবং জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া নাটকে আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু এবং নূর এ আলম নয়ন। নাটকের সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং কণ্ঠ দিয়েছেন রাজীব। সুর করেছেন হানিফ সংকেত নিজেই, সংগীতায়োজন করেছেন মেহেদী।
জানা গেছে, ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।