ব্রাজিল জাতীয় দলে আবারও জায়গা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরলেও এখনও দলে সুযোগ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো অটুট রয়েছে তার।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। চোট কাটিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট না থাকায় তাকে আবারও দলে রাখা হয়নি। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি আসন্ন প্রীতি ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন, তাতে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি এই ফরোয়ার্ডের।
আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে খেলোয়াড় বাছাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচ দুটিকে। কিন্তু সেই সুযোগেও দলে জায়গা না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন নেইমার।
স্কোয়াড ঘোষণার পর প্রতিক্রিয়ায় নেইমার জানান, তিনি আবার জাতীয় দলে ফিরতে চান এবং বিশ্বকাপ খেলাই তার মূল লক্ষ্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচিং স্টাফের ওপর নির্ভরশীল বলেও স্বীকার করেন তিনি। দলে থাকুন বা না থাকুন, ব্রাজিল দলের প্রতি তার সমর্থন সবসময় থাকবে বলেও জানান।
নিজের হতাশার কথাও গোপন করেননি এই ৩৪ বছর বয়সী ফুটবলার। স্কোয়াডে নিজের নাম না দেখে তিনি ‘হতাশ ও বিষণ্ন’ হয়েছেন বলে জানান। তবুও হাল ছাড়ছেন না নেইমার। নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলে নিজেকে প্রমাণের চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
নেইমারকে দলে না নেওয়ার কারণ ব্যাখ্যা করে কোচ কার্লো আনচেলত্তি বলেন, তিনি এখনও শতভাগ ফিট নন। পুরোপুরি সুস্থ হয়ে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারলেই আবার জাতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি।
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে নেইমারের সামনে। সেসব ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।