পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় ঢাকার বিভিন্ন রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনটি জনসমুদ্রের রূপ নিয়েছে।
ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন হাজারো মানুষ। ঈদ উপলক্ষে ঢাকা থেকে প্রতিদিন প্রায় ৩১ হাজারের বেশি আসন বরাদ্দ রাখা হয়েছে। তবে অন্যান্য বছরের মতো এবারও উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতে যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা গেছে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে কিছু ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হলেও অনেক যাত্রী টিকিট থাকা সত্ত্বেও নির্ধারিত আসনে বসতে পারেননি। অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে যাত্রা করেছেন, আবার কেউ কেউ গেট ধরে ঝুলে ঝুলে ঢাকা ছাড়তে বাধ্য হয়েছেন।
যাত্রীদের অভিযোগ, স্টেশন কর্তৃপক্ষের তৎপরতা এই ঝুঁকিপূর্ণ যাত্রা নিয়ন্ত্রণে খুব কমই লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঈদের আগে এই ধরনের পরিস্থিতি নিয়মিত ঘটে এবং আগামী কয়েকদিনে রাজধানী ছাড়ার চাপ আরও বৃদ্ধি পাবে।