প্রায় ১৯ বছর পর ৩৩০ জন পুলিশ কর্মকর্তা তাদের চাকরি ফিরে পাচ্ছেন। ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা ২০৭ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ও ১২৩ জন সার্জেন্টের নিয়োগ আদেশ পুনর্বহাল করে জ্যেষ্ঠতাসহ তাদের সরকারি চাকরিতে যোগদানের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের ২০০৭ সালে বাতিল করা আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ১২৩ জন সার্জেন্ট ও ২০৭ জন সাব-ইন্সপেক্টর শর্তসাপেক্ষে সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা ২০০৭ সালে স্বাভাবিক নিয়োগের তারিখ থেকে গণ্য করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না। এছাড়া মৌলিক প্রশিক্ষণকাল ছয় মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিধিবিধান অনুসারে পরবর্তীতে ব্যাচের গ্রেডেশন তালিকা প্রকাশ করা হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এই আদেশে থাকা কর্মকর্তাদের বাইরে একই ব্যাচের অন্য প্রার্থী ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন করলে, আবেদনকারীর বৈধতা যাচাই ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে নির্দেশ দিয়েছে, ২০০৬ সালে বাছাই করা এই কর্মকর্তাদের বিষয়ে যথাযথ আইন ও বিধিবিধান অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে।