রংপুর-কুড়িগ্রাম সড়কে ভোরে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার ফজরের নামাজের পর কাউনিয়া উপজেলার আর কে রোডের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা আতিক মোজাহিত (এমপি) আহত হন। তার হাত-পায়ে আঘাত লাগে। এছাড়া গাড়ির চালক কামালও আহত হয়েছেন। তবে তাদের কারোরই আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাদের নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সড়কটি সরু হওয়া এবং বেইলি ব্রিজের কারণে প্রায়ই যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে ভোর ও রাতে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।