প্রথমবারের মতো আয়োজিত নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। অভিষেক আসরেই অপরাজিত থেকে শিরোপা জিতেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় শিরোপা হাতে দেশে ফিরছেন সাফজয়ী নারী ফুটসাল দলের খেলোয়াড়রা। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে দলকে হাতিরঝিলে নেওয়া হবে। সেখানে রাতে আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসিপশন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। অনুষ্ঠান শেষে জলসিঁড়িতে নৈশভোজের আয়োজন রয়েছে। এরপর গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন চ্যাম্পিয়ন খেলোয়াড়রা।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ৬ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে ভুটান নারী ফুটসাল দল।