এনসিপির শীর্ষ নেতাকে প্রাণনাশের হুমকি, সামাজিক মাধ্যমে তথ্য ফাঁসের অভিযোগ
জুলাই বিপ্লবীদের হাত ধরে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস করে তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তোলেন এনসিপির এই শীর্ষ নেতা। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর মোবাইল নম্বর, পারিবারিক ঠিকানা ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর পর থেকেই বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হত্যা, হামলা এবং পরিবারের সদস্যদের ওপর আঘাতের হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টে সালেহ উদ্দিন সিফাত লেখেন, ‘আমার মোবাইল নাম্বার, পারিবারিক ঠিকানা এবং অন্যান্য ডিটেইলস সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী লীগ। ইতোমধ্যে বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরত ডেথ থ্রেট দেওয়া হচ্ছে। শুধু আমাকে নয়, আমার পরিবারের ওপরও হামলার হুমকি দেওয়া হচ্ছে।’
আইনি পদক্ষেপের ঘোষণা
হুমকির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পোস্টে সিফাত বলেন, বিষয়টি নিয়ে তিনি পুলিশের কাছে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি আরও লেখেন, ‘এই গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের মোকাবিলায় আমি আপনাদের পাশে চাই। আমরা সবাই মিলে এই খুনি চক্রকে প্রতিহত করব, ইনশাআল্লাহ।’ পোস্টের শেষ অংশে তিনি রাজনৈতিক স্লোগান দিয়ে লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
সালেহ উদ্দিন সিফাত টেলিভিশন টক শো ও রাজনৈতিক আলোচনায় পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন ইস্যুতে সরব অবস্থানের কারণে আলোচনায় ছিলেন। তাঁর প্রতি প্রকাশ্য প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে আসার পর এনসিপির বিভিন্ন নেতাকর্মী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। দলটির নেতারা বলছেন, এটি শুধু একজন ব্যক্তির নিরাপত্তার প্রশ্ন নয়; বরং নতুন রাজনৈতিক ধারার কণ্ঠরোধের একটি উদ্বেগজনক ইঙ্গিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি তুলেছেন।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত তথ্য প্রকাশ করে এভাবে প্রকাশ্য হুমকি দেওয়া শুধু ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী নয়, এটি সামগ্রিক রাজনৈতিক পরিবেশের জন্যও ঝুঁকিপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে কার্যকর তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন তাঁরা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-এনআর