কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করার মানসিকতা থাকলে সেটিকে স্বাগত জানানো উচিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রথমবার শহীদ মিনারে এসেছে-এ জন্য আমি তাদের সাধুবাদ জানাই। মানুষ ভুল বুঝতে পারে। যদি তারা সেই ভুলগুলো মুছে ফেলে নতুন করে শুরু করতে চায়, তাহলে সে শুরু করার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
নতুন সরকারের অধীনে শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এত বছর পর নির্বাচিত সরকারের অধীনে আজ আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি-এটা অত্যন্ত আনন্দের। আমি প্রথমে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে ফুল দিয়েছি, এরপর দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানিয়েছি। এই অনুভূতি সত্যিই আনন্দের। তিনি আরও বলেন, “এর আগেও প্রতি বছর শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু এবার আনন্দটা অনেক বেশি। কারণ এবার আমরা প্রকৃত অর্থেই একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অধীনে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।”
নিজ নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা দ্রুত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “মোহাম্মদপুরের যে বদনাম রয়েছে, খুব শিগগিরই আমরা তা মুছে ফেলব।”