শিক্ষাক্ষেত্রে একাধিকবার ভর্তি ও নিবন্ধনের প্রথা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, “এক মুরগি তিনবার জবাই করা চলবে না”-অর্থাৎ একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন বা ভর্তি গ্রহণযোগ্য নয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের একবারই নিবন্ধন করতে হবে এবং এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে নতুন করে ভর্তি প্রক্রিয়া আরোপ করা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই এবং এ খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে তাদের দায়িত্ব আরও বাড়াতে হবে।
পরীক্ষায় নকল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের ধরনও পরিবর্তিত হয়ে ডিজিটাল রূপ নিয়েছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা নকলের দিকে ঝুঁকলে তা তাদের দুর্বলতা নয়, বরং শিক্ষাব্যবস্থার সংশ্লিষ্টদের সীমাবদ্ধতার প্রতিফলন। এ সমস্যার মূল কারণ খুঁজে সমাধান করার আহ্বান জানান তিনি।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোসাম্মৎ আসমা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নার্গিস বেগমসহ বিভিন্ন সংসদ সদস্য ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।