মাদকবিরোধী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এটি এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণে সরকার গবেষণা চালাচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, উখিয়া ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় মানবপাচার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে এ অপরাধ দমনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে নজরদারি জোরদার এবং সমন্বিত অভিযান পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে জনসচেতনতা ও তথ্য সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।