রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন-মুন্না (২৪), আকতার হোসেন (৪৫), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকন (২৪)।
পুলিশ জানায়, বুধবার (১৬ এপ্রিল) রাত প্রায় ১২টা ৫০ মিনিটে রায়েরবাজারের সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে আসাদুল ওরফে লম্বু আসাদুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র ও ইট দিয়ে আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো বোন অঞ্জু আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। শুক্রবার (১৭ এপ্রিল) কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পূর্ব বিরোধ ও মারধরের ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এছাড়া টাকা-পয়সা সংক্রান্ত বিরোধও ছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত আছে।