দেশের শিক্ষাব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর এবং এটি দীর্ঘদিনের একটি বড় সমস্যা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, কোচিং নিয়ন্ত্রণে বেশ কিছু নতুন নীতিমালা ও উদ্যোগ চিহ্নিত করা হয়েছে, যা শিগগিরই পাইলট আকারে বাস্তবায়ন শুরু হবে। তবে প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং নিয়ে এখনো বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পড়াশোনায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রক্রিয়া বন্ধ না করে আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরগুলোতে নির্ধারিত সময়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্কুলের অবকাঠামো উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, নকশা পরিবর্তন এবং নতুন আসবাবপত্র সরবরাহ করা হবে।
প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুবিধা পাচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।