চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই’ স্টিকার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রল, ডিজেল ও অকটেন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী জানান, পাম্পে ‘তেল নেই’ স্টিকার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। তবে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে।
তিনি বলেন, অভিযানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেনসহ মোট ৩ হাজার ৯৯২ লিটার জ্বালানি উদ্ধার করা হয়। মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা ভোক্তাদের হয়রানির অভিযোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।