ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।”
বুধবার (১৫ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এদিন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বরাক নদীর উজানে ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ বাঁধের কারণে বর্ষা মৌসুমে অকাল বন্যা এবং শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দিতে পারে। একই সঙ্গে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কাও তুলে ধরেন তিনি।
জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পরে স্পিকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে অতীতে রাজনৈতিক বিতর্ক থাকলেও বাস্তবতা হলো, বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ-এর অনুরোধেই ভারত প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ পেয়েছিল। বর্তমান পরিস্থিতি সেই সিদ্ধান্তেরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় দ্বিপক্ষীয় সমঝোতা ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।