দেশের ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ইংলিশ মিডিয়াম শিক্ষা চালু থাকা স্বাভাবিক হলেও তা শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবিধানের বাইরে পরিচালিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার দুপুরে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম শিক্ষাব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে ইতোমধ্যে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এ খাতকে কার্যকরভাবে তদারকির জন্য একটি রেগুলেটরি বোর্ড গঠনের বিষয়েও আলোচনা চলছে।
তিনি বলেন, দেশে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা থাকলেও কোনো প্রতিষ্ঠানই সরকারি নীতিমালার বাইরে থাকতে পারে না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে উচ্চ বেতনে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নেওয়া হচ্ছে। তবে এর তুলনায় মান নিয়ন্ত্রণ, পাঠ্যক্রমের সামঞ্জস্য এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা যদি কেবল সচ্ছল পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে জাতীয় শিক্ষাব্যবস্থায় বৈষম্য বাড়বে। সরকার চায়, ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম বা মাদ্রাসা—সব ধারার শিক্ষার্থীরাই যেন সমানভাবে মানসম্মত শিক্ষা পায়।
তিনি জানান, একটি সমন্বিত নীতিমালার মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।