ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তাঁর নির্বাচনী এলাকা সরাইল উপজেলার স্বাস্থ্যসেবার বেহাল চিত্র তুলে ধরে বলেছেন, “আমার এলাকার হাসপাতাল নিজেই একটি রোগীর মতো।”
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অপ্রতুল শয্যা, বিপুল জনসংখ্যা
সংসদ সদস্য জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা-র নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একটি ৫০ শয্যার হাসপাতাল। সীমিত অবকাঠামো ও জনবল নিয়ে হাসপাতালটি কার্যত চরম সংকটে চলছে বলে তিনি উল্লেখ করেন।
চিকিৎসক ও সরঞ্জামের ঘাটতি
তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও কর্মচারীর অভাব রয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত ওষুধ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতিরও সংকট বিদ্যমান, যা সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত করছে।
থমকে আছে নতুন ভবন নির্মাণ
রুমিন ফারহানা আরও জানান, হাসপাতালের উন্নয়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ ছেড়ে চলে যাওয়ায় প্রকল্পটি থমকে আছে। বর্তমানে পুরোনো দুইতলা ভবনেই চিকিৎসা কার্যক্রম চালাতে হচ্ছে।
শূন্য ৬৪টি পদ
তিনি বলেন, হাসপাতালে মোট ৬৪টি পদ শূন্য রয়েছে, যা দ্রুত পূরণ না হলে স্বাস্থ্যসেবার মান আরও অবনতি ঘটবে।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি সরাইলের স্বাস্থ্যখাতের উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।