গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কাটবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সমুদ্রে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট গ্যাস সরবরাহ সংকটের প্রভাব দেশের বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে, যার প্রভাব বিদ্যুৎ উৎপাদনের ওপরও পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও কিছুটা অনুভূত হচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক মনে হলে প্রথমে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ করতে হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরা যেতে পারে।
এর আগে সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত পাওয়া অভিযোগগুলোর বেশিরভাগই বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তবে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।