পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটনকেন্দ্র ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক। মোটরচালিত ভ্যান উল্টে গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী চিকিৎসক মাইনুল ইসলাম শুভ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর স্বামী মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
মাইনুল ইসলাম শুভর ভাষ্য অনুযায়ী, শুক্রবার তাঁরা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে যান এবং একটি হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকেলে মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের উদ্দেশে রওনা হন। পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানে থাকা দম্পতিসহ আরও দুই পর্যটক ছিটকে পড়ে আহত হন। দুর্ঘটনায় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইনুল ইসলাম শুভ জানান, তাঁর স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।