জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে তাকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ইকবাল সোবহান চৌধুরী নিজেই ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তাকে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা হলে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসে। তিনি কেন সেখানে গিয়েছিলেন, তা জানাসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি আটক কি না এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। এর আগে ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে যান তিনি। এ সময় আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে জামায়াতে ইসলামী নেতাদের একই টেবিলে বসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।