রাজধানীর তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ৩১ অক্টোবর দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। প্রথম দফার রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলাম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পকেটে থাকা আইফোনসহ বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরী।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে তাহসিফের জুনিয়র ও পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপের এ ঘটনায় জড়িত থাকার সন্দেহ তৈরি হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর গ্রেপ্তার দেখানো হয়।
তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিহতের মোবাইল ফোন ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যার ঘটনাস্থল নির্ধারণে দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।