ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে। অন্যদিকে, শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
বর্তমানে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এদিকে, নিরাপত্তাজনিত কারণে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।’
রূপক আইচ/ ৩ নেভেম্বর ২৬