সৌরবিদ্যুৎ উৎপাদন ও সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সূর্যের আলোকে সম্পদে পরিণত করতে হবে। উন্নয়ন সহযোগী ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে আগের সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সময় ব্যয় না করে বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প সমাধানের পথ খুঁজছে বর্তমান সরকার।
বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে ইতোমধ্যে পৃথকভাবে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা চালু করবে সরকার। অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
রূপক/ ৩ মার্চ ২৬